Saturday, July 13, 2019

পর্যবেক্ষণ - ৯ | পরশ্রীকাতরতা


  بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

              শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু 


একটা ব্যাপার খেয়াল করলাম, এদেশের উচ্চশিক্ষিতরা নিজ নিজ অবস্থানে কেউই সন্তুষ্ট নয়। আমার অবজারবেশনের স্যাম্পল সাইজ অল্প কিন্তু কম বেশি সব প্রফেশনের সাথেই কথা হয়েছে। মানুষের স্বাভাবিক প্রকৃতি হল চাহিদা অসীম। আপনার চোখে আমি সফল হলেও আমার চোখে আমি মোটেও সফল না; এক্ষেত্রে দেখা যায় আরেকজনকে ফ্রেম অফ রেফারেন্স ধরে নিজের জীবনকে তুলনা করছি। ফলে দেখা যায়, নিজ অবস্থানে অনেক ভালো থাকার পরেও মানসিক শান্তিলাভ করতে পারেন না অনেকেই। হতাশ থাকেন। 

'বন্ধু গাড়ি-বাড়ি করে ফেলেছে, বউ-বাচ্চা নিয়ে ঘুরছে আর আমি কিনা এখনো ক্যারিয়ার সেট দূরে থাক বিয়েই করতে পারলাম না' এভাবে না ভেবে যদি এমন ভাবি 'আমি আল্লাহর রহমতে ছোট খাট পজিশনে জব করতে পারলেও আমার অনেক বন্ধুই এখনো রাস্তায় রাস্তায় জুতোর তলা ক্ষয় করছে' তাহলে আমার মনে হয় হতাশা কমবে।

Wednesday, May 22, 2019

উপলব্ধি - ১৩


বিসমিল্লাহির রাহমানির রাহিম


সূরা আল ফুরকানের ৪৩ নং আয়াত হতে আমরা শিক্ষা পাই যে - প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করা যাবে না। 

আপনি কি তাকে দেখেন না, যে তারা প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার যিম্মাদার হবেন?

প্রবৃত্তি মানে নাফস। আল্লাহ রামাদান মাসে শয়তানকে বন্দী করে রাখেন। তারপরেও সবাই কিভাবে পাপে নিমজ্জিত থাকে তার উত্তর হল এটাই - আমরা বেশিরভাগই নিজের প্রবৃত্তি বা নাফস বা মনকে উপাস্যরূপে মেনে নিয়েছি। শয়তান এই মাসে বন্দী থাকলেও দেখা যায় নাফস বাকি ১১ মাসে এমন ট্রেনিং পায় যে সে সেটা রামাদানে এপ্লাই করতে চায়। আর আমরাও নাফসের কাছে বন্দী হয়ে পড়ি। রোজার দিনে রোজা হালকা হয়ে যায় এমন সব জিনিস দেখি আবার অহমিকার সাথে ফেইসবুকে পোস্টও দিই। অনেকে অনেক সময় ভুলে যাই যে আমরা রোজা আছি; নিজের অজান্তেই অনেক কিছু বলি, দেখি আর শুনি। আমাদের মন এর কাছে আমরা দাস বনে যাই। অনেকেই বলে 'আমার মন চাইছে তাই ওই সিরিজটা দেখলাম' 'আমার ইচ্ছা হইছে গালি দিছি তোমার কি' এই যে ইচ্ছে, মন চাইল করলাম এগুলোই হল নিজের মন বা নাফসের দাসত্ব করা। রামাদানের মেইন কনসেপ্ট হল আত্মসংযম ও আত্মশুদ্ধি। মন চাইল বলে কিছু করার আগে আমাদের ভাবা দরকার আল্লাহ আমাদের কি নিষেধ করেছেন। আল্লাহ ব্যতীত কাউকে উপাস্যরূপে গ্রহণ করা যাবেনা। এমনকি নিজের নাফস বা প্রবৃত্তিকেও নয়! যারা এতক্ষণে বুঝে ফেলেছেন কি করণীয়; আসুন নিজের ময়লা মনকে বার বার করে পরিষ্কার করে ফেলি বিনয়ী হয়ে, তাওবাহ করে। 

#পোস্ট_ফাজর_রিয়েলাইজেশন

Thursday, January 4, 2018

উপলব্ধি - ১২


বিসমিল্লাহির রাহমানির রাহিম


অনেকদিন ধরে ব্লগে লেখা হয়না। আশা আছে এই বছর হতে আবার নিয়মিত লিখা লেখা শুরু করব। ইন শা আল্লাহ। আজ জীবন হতে নেয়া কিছু উপলব্ধি পাঠকদের সামনে তুলে ধরলাম।   


১) আল্লাহ একেকজনকে একেক অবস্থায় রেখে পরীক্ষা নেন। চারপাশ থেকে কষ্ট পেয়ে আপনি যখন ভাবছেন কষ্টে আছেন তখন আপনার থেকেও দেখবেন অনেকে কষ্টে আছে। এটা ভেবেও শুকরিয়া করা দরকার যে আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছে। 

২) আমরা মাঝেমাঝে ধৈর্যহারা হয়ে যাই। আমরা বুঝতে চেষ্টা করি না আমাদের কাছের মানুষটা কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা হুটহাট তাদের বিচার করে বসি। কষ্ট দিই। 

৩) একজন ভাই বলল, তার সাথের বন্ধুরা যারা অধিকাংশই অতীতে পাপে লিপ্ত ছিল আজ তাঁরা প্রতিষ্ঠিত। কিন্তু তিনি ভালো হয়েও কষ্টে আছেন। এ কেমন বিচার! আমি বলি, খেলা এখনো শেষ হয়ে যায়নি। ধৈর্যধারণ করুন, কে কী বলল আমলে নিবেন না; একদিন, একদিন আপনি ভালো করবেনই।

Monday, February 27, 2017

দ্বীন শিক্ষায় সতর্কতা । পর্ব - ২


  بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

              শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু 


দ্বীন শিক্ষায় সতর্কতা । পর্ব - ১ এর পর .............. 


জ্ঞানের স্বল্পতার কারণে ইবলীস জাহান্নামে যাবে না। ইবলীস জাহান্নামে যাবে আল্লাহর প্রতি ভয় না-থাকার কারণে। সাংঘাতিক এই পীড়ার কারণে মৃত্যুর চেয়েও ভয়ংকর পরিণতি থেকে তার জ্ঞান তাকে বাঁচাতে পারবে না। যারা হাতে গোনা কিছু বই পড়েছে, অমুক-তমুক কলেজ থেকে গ্রাজুয়েট হয়েছে কিন্তু তারবিয়্যার শিক্ষা পায়নি, তাদের পরিণতিও একই। তাদের মধ্যে আল্লাহভীতির চরম ঘাটতি আছে। তাদের কামনা-ইচ্ছা বাস্তবায়নের জন্য তারা জ্ঞানের অপব্যবহার করে ইসলামিক বিধিবিধানের ফাঁকফোকর খোঁজে। তারা তাওয়ীলাত (ব্যাখ্যা ও ওজর) তৈরি করে। এবং তাদের বক্তব্যের সমর্থনে—খালি চোখেই যেটার ভুল ধরা পড়ে—কুরআন-হাদীস ব্যবহার করে। তারা যে নিজারেই তাদের জাহান্নামের পথ সুগম করছে সে ব্যাপারে যেন একেবারেই বেখেয়াল। তাদের এই জ্ঞান তাদের জীবিকা অর্জনের একটা উপায়; আল্লাহর নিকটবর্তী হওয়ার নয়।
একজন প্রকৃত ‘আলিম একটি বাতির মতো। ঘরে কেউ আছে কি না সেটা নিয়ে তিনি মাথা ঘামান না। আল্লাহর প্রতি ভালোবাসার কারণেই তিনি ঘরটা আলোকিত করেন; কারণ এটাই যে তার স্বভাব! স্বাভাবিকভাবেই যারা তাঁর আশেপাশে থাকেন, তারা তাঁর জ্ঞানের আলোয় নিজেদের উদ্ভাসিত করেন। যদিও সেই ‘আলিম ব্যক্তিগতভাবে এগুলো নিয়ে মোটেই চিন্তিত নন; বাতি কি কখনো জিজ্ঞেস করে, ‘কেউ কি আমার দিকে তাকিয়ে আছে?’ বাতির শিখা একা একাই জ্বলজ্বল করে জ্বলে ওঠে। এটাই তার প্রকৃতি। জ্বলে ওঠা ছাড়া আর কী করার আছে তার! আর এটাই ‘উলামা-উল-হাক়—প্রকৃত বিদ্বানদের বৈশিষ্ট্য। জ্ঞানের মাঝেই তাঁরা গড়ে তোলেন তাঁদের বসতি, কেননা তাদের মনে শুধু একটিই অভিলাষ: আল্লাহর সন্তুষ্টি।

Friday, January 6, 2017

দ্বীন শিক্ষায় সতর্কতা । পর্ব - ১


  بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

              শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু 


অনেকেই প্রশ্ন করেন, “কোনো ‘আলিম—যিনি অনেক জানেন, কিন্তু তার মধ্যে হয়তো সেই পরিমাণ চর্চা নেই—সে কী করছে না করছে এত কিছু না-ভেবে শুধু দীন শেখার উদ্দেশ্যে তাঁর কাছে গেলে ক্ষতি কী?”
আপাতদৃষ্টিতে প্রশ্নটি যুক্তিসঙ্গত মনে হলেও, নিজেকে একবার জিজ্ঞেস করে দেখুন তো, “আমি কি এমন কারও কাছ থেকে বিমান ওড়ানো শিখব, যে কিনা বিমান সম্বন্ধে সবকিছুই জানে, অথচ কখনো কোনো বিমান ওড়ায়নি?”
আসলে সমস্যাটা হচ্ছে ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে। ইসলাম কোনো মতবাদ বা কারও ব্যক্তিগত ভাবাদর্শ নয়। ইসলামের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে একে মতবাদের স্তরে নামিয়ে এনে। আর দশটা মতবাদ আর দর্শন যেভাবে শিখি ইসলামকেও আজ আমরা সেভাবে শিখছি। আমরা ইসলামের মূলনীতিগুলো শিখি, আইনের জটিল খুঁটিনাটি বিষয়গুলো শিখি, এটা ওটার মানে শিখি―কিন্তু যা শিখেছি সেটা চর্চা করার কোনো প্রয়োজন দেখি না। এটাই কি পূর্বসূরি-সালাফদের নীতি?

আপনারা অনেকেই ইব্‌ন ‘উমার (রা.)-এর সেই ঘটনাটার সাথে পরিচিত। সেখানে আমরা দেখি, সবকিছুর ওপরে তাঁরা চর্চা বা ‘আমাল করাকে গুরুত্ব দিতেন। যা শিখেছেন সেটার চর্চা করে সন্তুষ্ট না-হওয়া পর্যন্ত তাঁরা ইচ্ছে করেই আর নতুন কিছু শিখতেন না। কত সুন্দর করেই না আমরা মানুষদের এ ঘটনাগুলো বলে বেড়াই কিন্তু আমাদের মধ্যে সেই চর্চা কোথায়? এটা কেমন মানসিকতা?

ইসলাম একটি জীবন ব্যবস্থা। নৈতিক মূল্যবোধের বাস্তব প্রতিচ্ছবি। চর্চা ও আচার-আচরণের মাধ্যমে ইসলামের প্রকৃত চিত্র ফুটে ওঠে। পরিপূর্ণভাবে ইসলাম চর্চা করছেন এমন কাউকে সরাসরি দেখে ও তাঁর সাথে থেকে ইসলাম যতটা শেখা যায়, কেবল বই পড়ে কিংবা কিছু লেকচার শুনে তার সামান্যই শেখা যায়। সাহাবাদের মর্যাদা কেন এত উঁচুতে? কারণ তাঁরা পেয়েছেন রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গ। তাঁর সাথে থেকে থেকে ইসলামের পাঠ নিয়েছেন সাহাবারা। নিজেদেরকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করে এভাবেই শিক্ষা দিতেন পূর্বসূরি বিদ্বানগণ।